‘যারা বাংলাদেশ মানে না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই’

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

‘যারা বাংলাদেশ মানে না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই’

‘যারা বাংলাদেশ মানে না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই’


যারা বাংলাদেশ মানে না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

গতকাল বুধবার (২৫ মার্চ) রাতে রাজধানীর শাহবাগ এলাকায় এক প্রতিবাদ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি। ২৫ মার্চ কালোরাত স্মরণে ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি বাতিল করার প্রতিবাদে এ কর্মসূচি পালন করে সিপিবি।

রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘মুক্তিযুদ্ধের কথা বললেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয় না।৭১-এর ঘাতক জামায়াতে ইসলাম স্বাধীনতা দিবস পালন করে, তারা পতাকা মিছিল করে, তারা অনেকে পতাকা মাথায় পট্টির মতো বাঁধে সুতরাং মুক্তিযুদ্ধের কথা বললেই সবাই মুক্তিযুদ্ধের চেতনা লালন করে আমরা তা মনে করি না।’ 

 

তিনি বলেন, ‘একটি দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, তারা যুদ্ধপরাধীদের বিচারের কাজ শুরু করেছিল কিন্তু তারা কখনো এদের বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম পরিচালনা করে নাই। বরং তাদের ছত্রছায়ায় থেকে বিভিন্ন জায়গায় তাদের আপোষকামিতার কারণে এরা কিন্তু ফুলে ফেঁপে উঠেছে সুতরাং মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত শক্তি কারা সেটা বিবেচনা করতে হবে।’

প্রিন্স বলেন, ‘রাজনৈতিক দল সম্পর্কে আমাদের পরিষ্কার কথা—যারা বাংলাদেশ মানে না তাদের রাজনীতি করার অধিকার থাকবে না।

সিপিবি সাবেক সাধারণ সম্পাদক বলেন, ‘এই সোহরাওয়ার্দী উদ্যানে ১৬ ডিসেম্বর যখন চুক্তি স্বাক্ষরিত হয় মানে আত্মসমর্পণ করে তখন কিন্তু পাকিস্তান বাহিনীর সঙ্গে এই কথা বলে আত্মসমর্পণ করেছে তাদের সব অক্সিলারি ফোর্সের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ।’

তিনি আরো বলেন, ‘তাদের অক্সিলারি ফোর্স হচ্ছে আলবদর, আলসামস, রাজাকার যারা ছিল এবং তাদের রাজনৈতিক দল জামায়াতে ইসলাম। তাহলে তাদেরতো রাজনৈতিক করার অধিকার নেই। আর বাংলাদেশে আমরা মনে করি অন্য যেকোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা উচিত না।সেটা আমরা পক্ষে না। এটা আইনগতভাবে মোকাবেলা করতে হবে এবং জনগণই কোন রাজনৈতিক দলকে রাখবে কি রাখবে না এটা তাদের ওপরে ছেড়ে দিতে হবে।’







মুক্তআলো২৪.কম