ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ২২৩ নারী ও ২০২ শিশু
মুক্তআলো২৪.কম
মুক্ত আলো
প্রকাশিত : ০৯:৪৪ পিএম, ১৫ মার্চ ২০২৬ রোববার
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ২২৩ নারী ও ২০২ শিশু
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় নিহতের সংখ্যা ভয়াবহ রূপ নিয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ফারস নিউজ জানিয়েছে, এ পর্যন্ত দখলদার বাহিনীর হামলায় অন্তত ২২৩ জন নারী এবং ২০২ জন শিশু প্রাণ হারিয়েছে। নিহতের এই মিছিলে ৩ জন অন্তঃসত্ত্বা নারী এবং ৫ বছরের কম বয়সী ১২টি শিশুও রয়েছে।
রোববার (১৫ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে তেহরান জানিয়েছে, কেবল প্রাণহানিই নয়, বর্বরোচিত এই হামলায় ৪১ জন শিশু গুরুতর জখম হয়েছে। গত দুই সপ্তাহে ইসরায়েল ও আমেরিকার এই যৌথ সামরিক অভিযানে এখন পর্যন্ত ইরানের প্রায় ১২০০ মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও রয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বিদেশি আগ্রাসনে ইরানের স্বাস্থ্য খাতের অপূরণীয় ক্ষতি হয়েছে। সারা দেশে অন্তত ১৫৩টি স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতাল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যা দেশটির চিকিৎসাসেবা ব্যবস্থাকে প্রায় অচল করে দিয়েছে। যুদ্ধের ডামাডোলে আহতদের সেবা দিতে হিমশিম খাচ্ছে সাধারণ হাসপাতালগুলো।
গত ২৮ ফেব্রুয়ারি খামেনি হত্যাকাণ্ডের পর থেকেই ইরান পাল্টা আঘাত শুরু করেছে। ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাক এবং পারস্য উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। দুই পক্ষের এই পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্য এখন এক ভয়াবহ আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে।
মুক্তআলো২৪.কম
