ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে বিএনপির বৈঠক

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৭:১৮ পিএম, ৫ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে বিএনপির বৈঠক

ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে বিএনপির বৈঠক


ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। 

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এই বৈঠক হয়েছে। বৈঠকটি প্রায় ৫০ মিনিট স্থায়ী হয় এবং বেলা ১১টা ৫০ মিনিটে শেষ হয়।
প্রতিনিধিদলে আরো ছিলেন ব্যারিস্টার নওশাদ জমির, ডা. মাহবুবুর রহমান, নায়েবা ইউসূফ এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

বৈঠকের পর আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, এটা তো বলার অপেক্ষা রাখে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র হিসেবে আমাদের বিভিন্নভাবে অতীতে সহযোগিতা করেছে। আজকে নতুন সরকার এসেছে। কাজেই তারা স্বাভাবিকভাবে এখানে আসবে, বাংলাদেশে কী হচ্ছে, আমাদের নীতিমালাগুলো কী, আমাদের ভবিষ্যৎ কর্মপন্থাগুলো কী এবং বিভিন্ন দেশের সাথে পারস্পরিক সম্পর্ক বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে নিয়ে আলোচনা করার জন্য আজকে এখানে এসেছি।

মার্কিন যুক্তরাষ্ট্রেরে সাথে সম্পাদিত চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি নিয়ে তারা (যুক্তরাষ্ট্র) সরকারের সঙ্গে আলোচনা করেছে। কী আলোচনা করেছে সেটা হয়ত সরকার আপনাদেরকে জানিয়েছে এবং তারাও আপনাদেরকে জানাবে। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো মূলত দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং সরকারের নীতিমালার বিষয়গুলো নিয়ে।

এদিকে আজ সকাল ৯টায় রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।জামায়াতের ৫ সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি। বৈঠকে দ্বিপাক্ষিক ও সমসাময়িক রাজনৈতিক নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার পর দুই দিনের সফরে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।







মুক্তআলো২৪.কম