প্রতিহিংসা নয়, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে : মঈন খান
মুক্তআলো২৪.কম
মুক্ত আলো
প্রকাশিত : ০৫:৫২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার
প্রতিহিংসা নয়, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে : মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, প্রতিহিংসা নয়, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অপর্নের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) বিভিন্ন জায়গায় অফিস খুলছে, গণহত্যাকারীরা দেশে ফিরছে-এই ব্যাপারে বিএনপির অবস্থান কী?-এমন প্রশ্নের জবাবে আবদুল মঈন খান বলেন, আমাদের দলীয় অবস্থান অত্যন্ত স্পষ্ট। বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করেছে…আমি একটু আগে বলেছি, ১৯৭১ এর সেই কালো রাতে যেদিন পাক হানাদার বাহিনী হায়নার মতো এই দেশের নিরীহ মানুষ ওপর ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন প্রতিবাদের ঝান্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আমরা সেই আদর্শে বিশ্বাসী বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী এবং আমরা সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।
তিনি বলেন, বিএনপি একদলীয় বাকশাল শাসন যেটা বাংলাদেশের ওপরে জগৎদল পাথরের মতো আওয়ামী লীগ চাপিয়ে দিয়েছিল, সেই ধারণায় বিএনপি বিশ্বাস করে না, বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে।
মঈন খান বলেন, বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল। সবাইকে নিয়ে আমরা রাজনীতি করি, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এটা আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন।
তিনি আরো বলেছেন যে, আমরা আইনের শাসনে বিশ্বাসী।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র আমরা বারবার ফিরিয়ে এনেছি, আমরা ২০২৪ সালে ৫ আগস্ট ছাত্র-জনতার যে বিপ্লব হয়েছে, তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এই গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ষা করব।
মুক্তআলো২৪.কম
