শবেবরাতে বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের ঐক্য ও সংহতির দোয়া করি : তারেক
মুক্তআলো২৪.কম
মুক্ত আলো
প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
শবেবরাতে বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের ঐক্য ও সংহতির দোয়া করি : তারেক রহমান
পবিত্র শবেবরাত উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাণীতে তিনি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি, কল্যাণ এবং ঐক্য, সংহতি ও নিরাপত্তা কামনা করেছেন তিনি।
সোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারম্যান ও মহাসচিবের পৃথক বাণী গণমাধ্যমে পাঠানো হয়।
বাণীতে তারেক রহমান বলেন, ‘শাবান মাসের একটি মহিমান্বিত রাতের নাম শবেবরাত।এ উপলক্ষে আমি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সব মুসলমানের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।’
তিনি বলেন, ‘বরাত অর্থ নাজাত বা মুক্তি, শবেবরাতের রাতের গুরুত্ব অপরিসীম। শবেবরাতে পরম করুণাময় তার বান্দার জন্য খুলে দেন রহমত আর দয়ার ভাণ্ডার। তাই এ রাতের ফজিলত ও মর্যাদা অনেক বেশি।
এই রজনী জানান দেয় রমজানের আগমনী বার্তা। এই পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারা রাত আল্লাহর সান্নিধ্য লাভের আশায় নিজেদের ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতির জন্য মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন।’
তিনি আরো বলেন, ‘এই রাতে এমন নেক আমল করা উচিত, যার মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করা যায়। এ রাতের আরেকটি তাৎপর্য হলো নাজাত পাওয়া।
বিশ্বাসী মুসলমানরা সব অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে পরিত্রাণ পেতে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং মহান রাব্বুল আলামিন অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন।’
বাণীতে তারেক রহমান আরো বলেন, ‘আমরা সবাই সহিংসতা, রক্তপাত, হিংসা, বিদ্বেষ পরিহার করে মানব জাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখব, মহিমান্বিত রাতে আমাদের এই নিবেদন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। বিশ্বশান্তিসহ বিশ্ব মুসলিমের ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা একান্ত মোনাজাত করব।’
মুক্তআলো২৪.কম
